মিথ্যা শব্দ নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি
Date: 2026-04-02
অ-অ+
অনলাইন ডেক্স: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনা
ঘটেছে। এ সময় বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সত্যকে মিথ্যা বানাতে পারদর্শী’
বলে মন্তব্য করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে
তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম
অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ ঘটনা ঘটে।
অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে উভয় নেতা নিজেদের অবস্থান তুলে ধরেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগের দিনের বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি নাকি সংসদে অসত্য তথ্য দিয়েছেন এ কথা
পরে জানতে পেরেছেন। এ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এমনভাবে বিষয়
উপস্থাপন করতে পারেন যাতে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরা যায়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
হস্তক্ষেপ করে বলেন, পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপর হওয়া উচিত, আগের দিনের বিষয়
নতুন করে তোলার প্রয়োজন নেই। তিনি আরও জানান, মন্ত্রী উপস্থিত না থাকলে এ বিষয়ে উত্তর
দেওয়ার সুযোগ দেওয়া হতো না। পরে স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমেদ বক্তব্য দেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দ ব্যবহার
করেছেন, যা অসংসদীয়। তিনি অনুরোধ করেন, শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হোক। তবে
‘অসত্য’ শব্দ ব্যবহার করলে তার আপত্তি থাকত না বলে জানান। পূর্বদিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, বিরোধীদলীয় নেতা একটি ভুল তথ্য উপস্থাপন করেছিলেন। তিনি উল্লেখ করেন, সংসদের
বিধি অনুযায়ী একটি মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যা বিরোধীদল ওয়াকআউট করার পর
ঘটে। তাই সেই বক্তব্যকে তিনি ‘অসত্য’ বলেছিলেন। পরবর্তীতে বিভ্রান্তি দূর করতে বিরোধীদলীয়
নেতা বলেন, একই বিষয়ে একটি প্রস্তাব আগে একজন স্বতন্ত্র সংসদ সদস্য এনেছিলেন, যা পরদিন
ভিন্ন নামে উপস্থাপন করা হয়। তিনি দাবি করেন, পূর্বের তথ্য জানার ভিত্তিতেই তিনি বক্তব্য
দিয়েছেন এবং এতে কোনো ভুল ছিল না।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more