মেয়ে দুয়ার ছবি শেয়ার করে আনন্দঘন খবর

Date: 2026-04-19
news-banner

বিনোদন ডেক্স:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর দিয়েছেন। দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে যাচ্ছেন তারা। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মেয়ে দুয়ার একটি ছবি শেয়ার করে এই আনন্দঘন খবরটি জানান দীপিকা।
শেয়ার করা ছবিতে দেখা যায়, ছোট্ট দুয়া হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যেখানে স্পষ্ট দুটি লাল দাগ দেখা যাচ্ছে। ছবির এক পাশে ধরা পড়েছে দীপিকা ও রণবীরের হাতও। কোনো দীর্ঘ লেখা না দিয়ে শুধু একটি ‘নজর লাগা’ প্রতীক (ইভিল আই) ব্যবহার করেই খবরটি প্রকাশ করেন তিনি। প্রকাশের পরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সুখবরটি জানার পর থেকেই শুভেচ্ছার জোয়ার বইছে। অনেক তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। ভক্তরাও মন্তব্যে ভালোবাসা জানাচ্ছেন। অনেকেই লিখছেন, দুয়ার জন্য আসছে নতুন খেলার সঙ্গী।
দীপিকা ও রণবীরের পরিচয় ও প্রেমের শুরু ২০১৩ সালে একটি সিনেমার শুটিংয়ের সময়। এরপর একসঙ্গে একাধিক ছবিতে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। কনকনি ও সিন্ধি—এই দুই প্রথায় অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান, যা সে সময় ব্যাপক আলোচিত হয়েছিল।
বিয়ের প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এখন দ্বিতীয় সন্তানের আগমনের খবর তাদের পরিবারে নতুন আনন্দ নিয়ে এসেছে।
বর্তমানে দীপিকা শাহরুখ খান সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুন-এর সঙ্গে ‘রাকা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। অন্যদিকে রণবীর সিং তার সাম্প্রতিক সফল ছবি ‘ধুরন্ধর’-এর পর নতুন প্রজেক্ট ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।
ব্যক্তিগত ও পেশাগত—দুই দিকেই দারুণ সময় পার করছেন এই তারকা দম্পতি। নতুন অতিথিকে ঘিরে এখন তাদের পরিবার ও ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
 
তথ্য- হিন্দু টাইমস/বিডিপ্রতিদিন
বিডিফেস/ সুমাইয়া শিমু

Leave Your Comments