নারায়ণগঞ্জে 'আগ্নেয়াস্ত্র' হাতে টিকটক ভিডিও: দুই তরুণ আটক
Date: 2026-08-29
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ২৯, ২০২৬, ৩:১১ এ.এম
নারায়ণগঞ্জে 'আগ্নেয়াস্ত্র' হাতে টিকটক ভিডিও: দুই তরুণ আটক
অ-অ+
অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের একটি জনাকীর্ণ পার্কে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়ানো ও পথচারীদের দিকে তা তাগ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দুই তরুণকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত দুটি খেলনা পিস্তলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই তরুণ হলেন—বন্দর বাজার এলাকার মো. শাহীন আহমেদের ছেলে লিমন তোহা (২২) এবং একই এলাকার স্বপন মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, কালো কুর্তা-পায়জামা ও টুপি পরা দুই তরুণ হাতে বন্দুক নিয়ে নারায়ণগঞ্জের সিটি নগর পার্কে (সাবেক শেখ রাসেল নহর পার্ক) ঘোরাঘুরি করছেন। ভিডিও ধারণ করার সময় তারা পথচারী, রিকশাচালক ও শিশুদের দিকেও অস্ত্র তাক করছিলেন। ভিডিওটি টিকটকের 'ভাইবোন' নামক একটি অ্যাকাউন্টসহ অভিযুক্তদের ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছিল। প্রকাশ্যে এমন কাণ্ডে জনমনে আতঙ্ক ছড়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানামুখী প্রশ্ন ওঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ভিডিওতে দেখা যাওয়া বন্দুক দুটি প্রকৃতপক্ষে প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল ছিল। আটক তরুণরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করতেই তারা এমন ভিডিও বানিয়েছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লিমন বিগত ২০২৪ সালে এইচএসসি এবং ইয়াসিন ২০২২ সালে এসএসসি পাস করার পর পড়াশোনা ছেড়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করার উদ্দেশ্যেই তারা পার্কের ভেতরে এমন কাণ্ড ঘটিয়েছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জের বন্দর থানা ও জেলা পুলিশ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more