বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত
মান্তা সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন ‘স্প্রেইড
হিউম্যানিটি’। শনিবার (২০ জুন) সংগঠনটির উদ্যোগে এ খাদ্য সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে
গত ১৩ জুন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বগি তুলাতলা এলাকায় গিয়ে
মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ও সমস্যার কথা সরেজমিনে পরিদর্শন করেন। পরে
সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, মান্তা সম্প্রদায়ের অধিকাংশ মানুষের নিজস্ব কোনো জমি বা স্থায়ী আবাসস্থল
নেই। তারা নদী ও খাল তীরবর্তী এলাকায় ছোট নৌকায় ভাসমান জীবনযাপন করেন। জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত নৌকাকেই আশ্রয় হিসেবে ব্যবহার করেন তারা। মাছ ধরা ও বিক্রি করাই তাদের প্রধান
জীবিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিহীনতা, নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক
অবহেলার কারণে এ সম্প্রদায়ের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। অনেক ক্ষেত্রেই
সরকারি বিভিন্ন সেবার আওতায় তাদের যথাযথ অন্তর্ভুক্তি ও স্বীকৃতি নিশ্চিত হয় না। স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন, “মান্তা
সম্প্রদায়ের মানুষের জীবনমান অত্যন্ত কষ্টকর। তাদের বাস্তব অবস্থা দেখে আমরা মানবিক
দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি সরকারি পর্যায় থেকেও তাদের জন্য
প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।” সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং
মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই স্প্রেইড হিউম্যানিটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের
মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সংগঠনের
মাধ্যমে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান
হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী, কার্যনির্বাহী সদস্য
মহিবুল ইসলাম, স্প্রেইড হিউম্যানিটি বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি জাবের মাহমুদ,
অর্থ সম্পাদক মো. মাসুদ, সহ-অর্থ সম্পাদক সাবিহা সরদার নেথী, সদস্য আব্দুল্লাহসহ সংগঠনের
অন্যান্য সদস্যরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more