প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২১, ২০২৬, ২:১৩ পি.এম
কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকা/কুয়ালালামপুর: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে দুই দিনের এই সরকারি সফরে গেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। স্থানীয় সময় আজ রাত পৌনে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টা) প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, বাংলাদেশ সময় বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা করেছিল। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল 'বুঙ্গা রায়া কমপ্লেক্সে' বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান। এ সময় এক শিশু ডা. জোবাইদা রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। অভ্যর্থনা অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে পৌঁছান। সফরকালীন সময়ে তিনি এখানেই অবস্থান করবেন। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের পেছনে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কৌশলগত উদ্দেশ্য রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, মালয়েশিয়ায় দেশের শ্রমবাজারের পরিধি আরও সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যেই তিনি তার প্রথম সরকারি বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। দুই দিনের এই সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more