কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৪
নভেম্বর ১১, ২০২৬, ৪:৪৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১১, ২০২৬, ৪:৪৫ এ.এম
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৪
অ-অ+
অনলাইন ডেস্ক:
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যসহ চারজন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কলেজ ক্যাম্পাসে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) জনি, জিহাদ এবং কনস্টেবল ইমরান। এছাড়া হামলায় পুলিশের এক সোর্সও আহত হয়েছেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবির একটি দল। এ সময় সেখানে উপস্থিত কিছু ব্যক্তির সঙ্গে পুলিশ সদস্যদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি বাধে। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের ওপর চড়াও হন।
ঘটনা সম্পর্কে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, মাদকবিরোধী অভিযানে গেলে সেখানে কিছু মানুষ জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, পুলিশ ক্যাম্পাসে অভিযان চালানোর আগে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেনি। পুলিশ সদস্যরা সাদাপোশাকে থাকায় এবং কোনো শিক্ষক সঙ্গে না থাকায় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলামও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more