কলাপাড়ায় অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ জন গ্রেপ্তার
Date: 2026-06-15
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:২৫ পি.এম
কলাপাড়ায় অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ জন গ্রেপ্তার
অ-অ+
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়
এক ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে
গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে এবং তার অটোভ্যান ও দুটি মোবাইল
ফোনও জব্দ করা হয়েছে। সোমবার (১৫জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা
হয়। পুলিশ ও মামলা সূত্রে জানা
যায়, মহিপুর উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে
মো. রাফি খান (১৯) ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৩ জুন
অভিযুক্তরা তার ভ্যানটি ভাড়া নিয়ে কুয়াকাটা এলাকায় ঘোরাফেরা করে এবং পরদিন আবার
ভাড়া নেওয়ার কথা বলে তার মোবাইল নম্বর সংগ্রহ করে। পরদিন ১৪ জুন সকালে রাফি
খানকে নিলগঞ্জ ইউনিয়নের হাজিপুর ব্রিজ এলাকার আবুল কাশেম জামে মসজিদের সামনে ডেকে নেওয়া
হয়। সেখানে পৌঁছালে তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে অপহরণকারীরা রাফির পরিবারের
কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় তার বাবা
মো. হাসান প্রথমে ৫০ হাজার টাকা প্রদান করেন। পরে বাকি টাকা না দিলে রাফিকে হত্যার
হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। খবর পেয়ে কলাপাড়া থানা
পুলিশ অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. জাহিদ প্যাদা ও মো. ইমরান গাজীকে
গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায়
অভিযান চালিয়ে অপহৃত রাফি খানকে উদ্ধার করা হয়। এ সময় তার অটোভ্যান ও দুটি মোবাইল
ফোনও জব্দ করা হয় এবং অপর অভিযুক্ত মো. কোয়েল গাজীকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধারের পর আহত অবস্থায়
রাফি খানকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, অপহরণের
পর তাকে মারধর ও নির্যাতন করা হয়েছিল। এ ঘটনায় রাফির বাবা মো.
হাসান বাদী হয়ে কলাপাড়া থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে
তদন্ত অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more