কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা নিহত

Date: 2026-03-25
news-banner

অনলাইন ডেক্স:

কক্সবাজারে ছুরিকাঘাতে এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম (২৬) স্থানীয় ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বরে অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত খোরশেদের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তারিন নামের এক নারী সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
হত্যাকাণ্ডের পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
সদর মডেল থানার  অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।


তথ্য- জাগোবিডি

বিডিফেস/ মেহেদী হাসান

Leave Your Comments