গুইমারায় পুলিশি অভিযানে ৩ চোর গ্রেফতার, উদ্ধার বিপুল চোরাই মালামাল
Date: 2026-09-25
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:৫৩ পি.এম
গুইমারায় পুলিশি অভিযানে ৩ চোর গ্রেফতার, উদ্ধার বিপুল চোরাই মালামাল
অ-অ+
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় কৃষকের আম বাগান থেকে সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি সাবমার্সিবল পাম্প, চার কয়েল বৈদ্যুতিক ক্যাবলসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বড় পিলাক এলাকায় একটি আম বাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় বাগানের মালিক মো. শুক্কুর আলী গুইমারা থানায় এজাহার দায়ের করেন।
এজাহারের ভিত্তিতে গুইমারা থানা পুলিশ চুরির ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে ৫ নম্বর বড় পিলাক এলাকায় দেলোয়ারের দোকানের পেছন থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—সাকিবুল হাসান ওরফে হাসান (১৯), মো. শহিদুল ইসলাম (২১) এবং মো. হাবিব (৩২)।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে দুটি সাবমার্সিবল পাম্প, বিভিন্ন রঙের চার কয়েল বৈদ্যুতিক ক্যাবল এবং বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কীটনাশক ও বিষ। এসব মালামালের আনুমানিক মূল্য ৭০ হাজার ৪৭৬ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গুইমারা থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গুইমারা থানা পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more