গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক, বন্ধ ৩২ কারখানা
নভেম্বর ২২, ২০২৬, ১০:১১ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২৬, ১০:১১ এ.এম
গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক, বন্ধ ৩২ কারখানা
অ-অ+
অনলাইন ডেস্ক:
মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও অসন্তোষের পর গাজীপুরে রোববার সকালে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক। শ্রমিকদের কাজে যোগদানের ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী জেলার ৩২টি কারখানা এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ছিল এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেশির ভাগ কারখানায় শ্রমিকেরা নিয়মিত কাজে ফিরেছেন।
এদিকে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে রোববার সকালে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ‘এ আর রউফ স্টাইল কোর লিমিটেড’ কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তাঁদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলেও তাঁরা মহাসড়কে নামেননি। শান্তিপূর্ণ অবস্থান শেষে বেলা ১১টার দিকে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান পুলিশ সুপার আমজাদ হোসাইন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more