ঢাবির শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট খুলে দিল প্রশাসন
নভেম্বর ২২, ২০২৬, ৫:০৩ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২৬, ৫:০৩ এ.এম
ঢাবির শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট খুলে দিল প্রশাসন
অ-অ+
অনলাইন ডেস্ক:
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে গেটটি খুলে দেওয়া হয়।
এর আগে ওই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে বন্ধ থাকা পকেট গেটটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। শুরুতে তাঁরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে একত্রিত হন এবং পরবর্তীতে সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে অবস্থান নেন।
এই বিক্ষোভে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দীন হল ও মাস্টারদা সূর্য সেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরিস্থিতির মুখে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী এবং অধ্যাপক এনামুল হক সজীব। তাঁদের উপস্থিতিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের 'ভুয়া, ভুয়া' স্লোগান দিতে শোনা যায় এবং বিক্ষোভ শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যেই প্রশাসন গেটটির তালা খুলে দেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার কারণ দেখিয়ে শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তবে গেটটি বন্ধ থাকার ফলে নিয়মিত যাতায়াতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে—এমন অভিযোগ তুলে তাঁরা এটি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more