ফরিদপুরে বড়শিতে ধরা পড়ল কুমির, নদীপাড়ে আতঙ্ক

Date: 2026-04-27
news-banner

ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামের চার জেলে নদীতে হাজারী বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় একটি কুমির বড়শিতে আটকে গেলে তারা সেটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। একই সঙ্গে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্কও দেখা দেয়।
খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
স্থানীয় প্রশাসন নদীপাড়ের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Leave Your Comments