ডিসেম্বরে অস্থিতিশীলতার শঙ্কা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
নভেম্বর ১৭, ২০২৬, ১:০৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬, ১:০৮ এ.এম
ডিসেম্বরে অস্থিতিশীলতার শঙ্কা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
অ-অ+
অনলাইন ডেস্ক:
আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে। এর পেছনে বিদেশ থেকে ইন্ধন জোগানোর পাশাপাশি আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে অরাজকতা তৈরির পাঁয়তারা চালাচ্ছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে।
পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এরই অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), আট মহানগরের পুলিশ কমিশনার এবং আট রেঞ্জের ডিআইজিদের নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় সরাসরি নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঢাকার আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন এবং ভাঙচুরের মতো সহিংসতার ঘটনাগুলো গভীরভাবে বিশ্লেষণ করছে পুলিশ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, কখনো টাকা দিয়ে লোক ভাড়া করে আবার কখনো সরাসরি দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করে আলোচনায় আসার জন্য এসব নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর সেখানে অতিরিক্ত দুই হাজার পুলিশ সদস্য ছাড়াও বিজিবি ও এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রশাসনিকভাবেও জেলায় বড় রদবদল আনা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের বলপ্রয়োগের মাধ্যমে প্রাণহানির পরিস্থিতি তৈরি করে ফায়দা লোটার যে কৌশল প্রতিপক্ষ দল বা চক্রের রয়েছে, সরকার সে সুযোগ দিতে নারাজ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অরাজকতা কঠোর হাতে দমন করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more