পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ, জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
নভেম্বর ১৭, ২০২৬, ১২:১২ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬, ১২:১২ পি.এম
পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করল বাংলাদেশ, জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে এই ঐতিহাসিক যাত্রার সূচনা হয়। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি প্রস্তুতি শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মাধ্যমে বিশ্ব দরবারে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ৩৩তম দেশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করল বাংলাদেশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান এই সরবরাহ কার্যক্রমটি মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার অংশ, যা এখনই বাণিজ্যিক উৎপাদনের আওতায় পড়ছে না। প্রাথমিক ধাপে টানা আট থেকে দশ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সচল রেখে কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা যাচাই করা হবে। এরপর অভ্যন্তরীণ কারিগরি পরীক্ষার প্রয়োজনে প্রায় ২৮ ঘণ্টার জন্য কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হবে এবং পরবর্তী ধাপে পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য সংযুক্ত করে পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও কঠোর মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। এই পরীক্ষামূলক পর্যায়ে চুল্লিপাত্র ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের স্বার্থে প্রথম ইউনিটটি বিভিন্ন সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা বা উৎপাদন কমানো-বাড়ানো হতে পারে। ফলে এ সময় নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকলেও গ্রিডে যুক্ত থাকা বিদ্যুৎ গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। সরবরাহের এই ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
পরীক্ষামূলক কার্যক্রম শেষে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হবে এবং তাদের অনুমোদন সাপেক্ষে উৎপাদন ক্ষমতা ১০০ শতাংশে উন্নীত করার কাজ শুরু হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের এই নিবিড় পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হলেই প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম লিখিয়েছিল বাংলাদেশ, আর আজকের গ্রিড সংযোগের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করল।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই একক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে। শুরুতে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারিত থাকলেও দুই দফায় সময় বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মূল চুক্তিতে ব্যয় বাড়ানোর সুযোগ না থাকলেও ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বেড়ে বর্তমানে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more