চাকুরিজীবীদের জন্য নতুন বেতম কাঠামো চালুর পথে সরকার-পহেলা জুলাই থেকে কার্যকর

Date: 2026-05-20
news-banner

অনলাইন ডেস্ক:
দীর্ঘ এক দশকের বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর পথে এগোচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। একই সঙ্গে বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতনের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সরকারের অতিরিক্ত ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করেছে। নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর সদস্যরাও।
জানা গেছে, পুরো পে স্কেল একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করছে সরকার। প্রথম ধাপে আগামী জুলাই থেকে নতুন নির্ধারিত বেতনের অর্ধেক কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ যুক্ত করা হবে। এছাড়া বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা ২০২৮-২৯ অর্থবছরে পুনর্গঠন করা হতে পারে।
পে কমিশনের প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও বিশেষ সহায়তা ভাতাও বাড়ানোর সুপারিশ রয়েছে। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য আলাদা মাসিক সহায়তা চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
পেনশনভোগীদের জন্যও সুখবর আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন কাঠামোয় পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৪ লাখ চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগী এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
 
তথ্য- কালেরকন্ঠ
 
বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ

Leave Your Comments