বাউফলে ‘শয়তানের নি:শ্বাস’ চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

Date: 2026-04-07
news-banner

পটুয়াখালী প্রতিনিধি:

স্কোপোলামিন বা কথিত “শয়তানের নি:শ্বাস” ব্যবহার করে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা মাইনুল ইসলাম (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ মার্চ) মধ্যরাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি একটি প্রতারক চক্র পরিচালনা করছিলেন।
জানা যায়, রোববার বাউফল বাজার এলাকায় কালাইয়া ইউনিয়নের এক নারীকে অচেতন করে প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে চক্রটি। পরে জ্ঞান ফিরে ওই নারী বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম তদন্ত শুরু করেন। বিভিন্ন তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মাইনুল ইসলামের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

HY45ZcL.jpeg
তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রাম থেকে আবদুস সত্তার (৬৩), তার স্ত্রী হাসিনা (৫৫) এবং কাশেম (৪৫) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, চক্রটি স্কোপোলামিন নামের একটি বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে মানুষের চেতনাশক্তি দুর্বল করে তাদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।
গ্রেপ্তারকৃত মাইনুল ইসলামকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave Your Comments