বাউফলে তালা ভেঙে ৩ গরু চুরি, বাড়ছে উদ্বেগ

Date: 2026-04-18
news-banner

মো. ইয়াকুব আলী রুবেল, বাউফল থেকে-

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের ডানিডা-বিরপাশা সড়কের তেঁতুলতলা বাজার সংলগ্ন খান বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. মফিজুল ইসলাম খান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি জানান, গোয়াল ঘরে থাকা চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একটি গরু বাড়ির পাশের মাঠে ফেলে রেখে যায় তারা। অবসরের পর কৃষিকাজ ও গরু পালনই ছিল তার পরিবারের প্রধান আয়ের উৎস।
ভুক্তভোগীর স্ত্রী হেপি বেগম বলেন, রাত আড়াইটার দিকে তিনি গরুগুলো গোয়ালে দেখেছিলেন। তবে ভোরে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং গরু নেই। তার ভাষায়, চুরি হওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা, যা তাদের পরিবারের জন্য বড় ধাক্কা।
স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাছিপাড়া ইউনিয়নে গরু চুরির ঘটনা বেড়েছে। তাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে এসব চুরি চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া গরু উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে বাউফল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments