বাউফলে শালিসি বৈঠকে হামলা, আহত ৬

Date: 2026-05-01
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শালিসি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে মো. আলী হাওলাদারের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিসি বৈঠক বসে। বৈঠক চলাকালে বাবুল হাওলাদারের ছেলে জামশেদ আহমেদ সোহাগের সঙ্গে আলী আকবর হাওলাদারের ছেলে সাইদুরের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনায় সাইদুল (৩৫), সুমন (১৬), আসিফ হাওলাদার (২২) ও আনিচ হাওলাদার (২৮) আহত হন। এদের মধ্যে আসিফ একজন দাখিল পরীক্ষার্থী। অপর পক্ষের সাইদুল ও রফিক গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সময় শালিসি বৈঠকে স্থানীয় ইউপি সদস্য মামুন হাওলাদারসহ সিদ্দিক মুন্সি, দুলাল মাস্টার ও মিজানুর মুন্সি উপস্থিত ছিলেন।
ঘটনার পর উভয় পক্ষ থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ দাখিল পরীক্ষার্থী আসিফ হাওলাদার ও মনির হাওলাদারকে আটক করে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে জামশেদ আহমেদ সোহাগ দাবি করেন, সাইদুল, মহিবুল ও রফিকসহ ১০-১২ জন তার ওপর প্রথমে হামলা চালায়। আত্মরক্ষায় পাল্টা প্রতিরোধ করতে গিয়ে প্রতিপক্ষের লোকজন আহত হয়।
অন্যদিকে সাইদুলের স্বজনদের দাবি, জামশেদ অতর্কিত হামলা চালিয়েছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। তাদের থানায় ডাকা হয়েছে। কাউকে আটক করা হয়নি।”

epPAZcZ.jpeg

Leave Your Comments