বাউফলে নিজাম রাড়ী হত্যা; প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

Date: 2026-05-07
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে ট্রলি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিজাম উদ্দিন রাড়ী নিহতের ঘটনায় প্রায় এক বছর পর অভিযুক্ত ট্রলি চালক রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব-৮।
গ্রেফতারকৃত রিয়াজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালু খানের ছেলে। র্যাব সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত বছরের ৬ এপ্রিল বাহেরচর-কাছিপাড়া সড়কে একটি অবৈধ ট্রলি গাড়ির চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী নিজাম উদ্দিন রাড়ী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলি গাড়ির বেপরোয়া চলাচলের কারণে ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। নিজাম উদ্দিন রাড়ীর মৃত্যুর পর কাছিপাড়া ইউনিয়নে অবৈধ ট্রলি চলাচল অনেকটাই বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী।
দীর্ঘদিন পর অভিযুক্ত গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Leave Your Comments