বাউফলে বিএনপি জামায়াতের হট্টগোল এড়িয়ে দুমকির জনসভায় মন্ত্রী

Date: 2026-05-19
news-banner

বাউফল/দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের বগা এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্লোগান এবং হট্টগোলের মুখে নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করেছেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আউয়াল এমপি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বগার অনুষ্ঠানস্থলে না গিয়ে সরাসরি দুমকি উপজেলার চরগরবদী দাখিল মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন।
মঙ্গলবার দুপুরে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ছোট্ট আবিরাও এখন সেতু নিয়ে ভাবছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। একটি শিশুর চিঠি প্রধানমন্ত্রীকে নাড়া দিয়েছে।”
সরেজমিনে জানা যায়, সড়কপথে বাউফলে যাওয়ার সময় মন্ত্রী প্রথমে দুমকি উপজেলার চরগরবদী এলাকায় নামেন। পরে ফেরিযোগে বাউফলের বগা এলাকায় পৌঁছালে সেখানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা “তারেক রহমান” ও “খালেদা জিয়া”র নামে স্লোগান দিতে থাকেন। একই সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও “নারায়ে তাকবির” ও “মাসুদ ভাই” স্লোগান শুরু করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও হট্টগোলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনায় মন্ত্রী বগার নির্ধারিত কর্মসূচি বাতিল করে সরাসরি দুমকির জনসভাস্থলে চলে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
জনসভায় মন্ত্রী বলেন, “স্থলপথ ও নৌপথ—দুইটিই মানুষের প্রয়োজন। নৌপথ সচল থাকবে, পাশাপাশি সেতুর মাধ্যমে স্থল যোগাযোগও গড়ে তোলা হবে। এতে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে উন্নত যোগাযোগ অবকাঠামোর বিকল্প নেই। খুদে শিক্ষার্থী আবিরার নিষ্পাপ চিঠি প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছে। সেই কারণেই আমরা সরেজমিনে এসে বিষয়টি দেখছি। দ্রুত সেতু বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী।”
এর আগে মন্ত্রী লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বগা সেতু) নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এদিকে
দুমকীর জনসভায় বগা সেতুর নামকরণ বাদ দিয়ে দুমকি সেতু করার দাবী তোলেন পটুয়াখালী দুমকীর বিএনপির নেতারা। মন্ত্রী তাদের কথা বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, ডা. শফিকুল ইসলাম মাসুদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।
উল্লেখ্য, চলতি মাসের ৮ মে বাউফল উপজেলার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি পাঠায়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Leave Your Comments