বাউফলে বৃত্তি পরীক্ষা পরিদর্শনে ইউএনও,মামলার প্রভাবে কমেছে উপস্থিতি
Date: 2026-04-15
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রাথমিক স্তরের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে
সম্পাদনের লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ
আহমেদ| বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় তিনি বাউফল সরকারি মডেল মাধ্যমিক
বিদ্যালয় কেন্দ্র ও বাউফল আদর্শ বালিকা বিদ্যালয় ভ্যানু পরিদর্শন করেন| এ সময় তিনি
পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্টদের
প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন|
পরিদর্শনকালে ইউএনও সালেহ আহমেদ বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
করতে অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে| পাশাপাশি সাংবাদিক ও অন্যান্য পরিদর্শনকারীদের
চলাফেরায় সতর্ক থাকতে হবে, যাতে ক্ষুদে শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত না হয়| তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যেন নিজেদের মধ্যে আলাপচারিতায়
ব্যস্ত না হয়ে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখেন, সেদিকেও বিশেষ নজর দিতে হবে|
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত
না হওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি| বাউফল উপজেলার ২৪২টি প্রাথমিক
বিদ্যালয় থেকে মোট ১,৫২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্র ও
ভ্যানুতে উপস্থিত ছিল মাত্র ৯১০ জন|
উল্লেখ্য, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষকদের দায়ের করা একটি রিট মামলার কারণে নির্ধারিত সময় অনুযায়ী গত ডিসেম্বর মাসে
অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃত্তি পরীক্ষা স্থগিত হয়ে যায়| পরবর্তীতে আদালতের নির্দেশনার
প্রেক্ষিতে চলতি এপ্রিল মাসে পরীক্ষাটি আয়োজন করা হয়|
এই সময়সূচি পরিবর্তনের কারণে অনেক শিক্ষার্থী প্রস্তুতির ধারাবাহিকতা
হারায় এবং কিছু শিক্ষার্থী বিভিন্ন কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলে সংশ্লিষ্টরা
মনে করছেন| সার্বিকভাবে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে
পরীক্ষা অনুষ্ঠিত হলেও উপস্থিতির হার কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল|
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more