বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
নভেম্বর ০৯, ২০২৬, ১১:৫১ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৯, ২০২৬, ১১:৫১ এ.এম
বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন (৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে পৌরশহরের আল-ফায়াত হোটেলের কাছে এ ঘটনা ঘটে। এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে দাশপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সঙ্গে আপেল মাহমুদ ফিরোজের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
আপেল ফিরোজের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাতে আলতাফ হোসেনের ছোট ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল জিআই পাইপ নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আপেল মাহমুদ ফিরোজ বলেন, র্যালি চলাকালে আলতাফ হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে রাতে বাজারের চাল ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে গেলে সাদেকের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও তাঁর ছেলে সাদেকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, উপজেলা বিএনপির সদস্যসচিবের ওপর হামলার অভিযোগের ঘটনায় তাঁরা নিন্দা জানিয়েছেন। ঘটনার পর রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের সহধর্মিণী সালমা আলমসহ তাঁরা আপেল ফিরোজের বাসায় যান। বিষয়টি মীমাংসার জন্য তাঁরা চেষ্টা করছেন বলেও জানান তিনি।
এদিকে হামলার বিচারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। একই দাবিতে পৌরশহরের হাচন দালাল মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আপেল মাহমুদ ফিরোজ বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more