প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৪, ২০২৬, ৪:২৬ এ.এম
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই সাগরে দুর্যোগ
অ-অ+
অনলাইন ডেস্ক: দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে বুকভরা আশা নিয়ে সাগরে রওনা দিয়েছিলেন জেলেরা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। বঙ্গোপসাগরে হঠাৎ সৃষ্ট বৈরী আবহাওয়া ও প্রচণ্ড উত্তাল ঢেউয়ের মুখে পড়ে মাছ ধরার মিশন অসমাপ্ত রেখেই উপকূলে ফিরতে বাধ্য হচ্ছেন হাজারো জেলে। গত দুই দিন ধরে সাগরে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তীব্র পূবালী বাতাস এবং সাগরের বিশাল বিশাল ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে শত শত ফিশিং বোট ও ট্রলার এখন সুন্দরবনসহ বিভিন্ন উপকূলীয় এলাকার নিরাপদ আশ্রয়ে নোঙর করেছে। সুন্দরবনের ভেদাখালী খালে আশ্রয় নেওয়া বগা এলাকার একটি ফিশিং বোটের মাঝি নজরুল ইসলাম মোবাইল ফোনে জানান, "সাগরের পরিস্থিতি গত দুদিন ধরে খুবই খারাপ। সাগরে বড় বড় ঢেউ উঠছে, যার সামনে ট্রলার ধরে রাখা অসম্ভব। প্রাণ বাঁচাতে আমরা সুন্দরবনের মেহেরআলী, আলোরকোল ও ভেদাখালীসহ বিভিন্ন খালে এসে আশ্রয় নিয়েছি।" শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দীর্ঘ ৫৮ দিন পর জেলেরা সবেমাত্র সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু সাগরে এখন ভয়াবহ অবস্থা। সাগরে টিকতে না পেরে রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটাসহ সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে কয়েকশ ট্রলার আশ্রয় নিয়েছে। ধারদেনা করে সাগরে গিয়ে জেলেরা শুরুতেই এই দুর্যোগের মুখে পড়ায় আমরা চরম চিন্তিত।" এদিকে শরণখোলার রাজৈর মৎস্যঘাটের আড়ৎদার কবীর হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে নতুন করে কোনো ট্রলার সাগরে যাচ্ছে না। গত দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটেই অনেক ট্রলার অলস বসে আছে। বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীও একই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, "জেলেরা সাগরে গিয়েই এই বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন। আমরা সব ট্রলারকে নিরাপদে ফিরে আসার বা নিরাপদ আশ্রয়ে থাকার বার্তা দিচ্ছি। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ সাগরে নামার ঝুঁকি নিতে পারছে না।" বর্তমানে হাজার হাজার জেলে ও ট্রলার মালিকরা আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন। তথ্য:
নয়া দিগন্ত/ বিডিফেস মেহেদী
হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more