প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ৭:১৯ এ.এম
ভারতকে ঢাল বানালেন নেতানিয়াহু
অ-অ+
অনলাইন
ডেস্ক:
বিশ্বমঞ্চে আমেরিকা ছাড়াও ইসরায়েলের শক্তিশালী বন্ধু রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি কড়া সতর্কবার্তার জবাবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ওয়াশিংটনের বাইরেও নয়াদিল্লির মতো শক্তিশালী অংশীদার রয়েছে তেল আবিবের। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু ভারতের ভূরাজনৈতিক গুরুত্ব মনে করিয়ে দিয়ে বলেন, "আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের একটি দেশ—সেখানে ১৪০ কোটি মানুষ বসবাস করে এবং আপনারা ধারণাও করতে পারবেন না যে সেখানে আমাদের জন্য কত বিপুল ও চমৎকার সমর্থন রয়েছে।" সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে উদ্দেশ্য করে একটি প্রচ্ছন্ন হুমকি দেন। ইরান ও আমেরিকার মধ্যকার সাম্প্রতিক একটি সমঝোতার প্রেক্ষাপট টেনে ভ্যান্স বলেন, ইসরায়েলি প্রশাসনের উচিত হবে না তাদের বিশ্বের বুকে টিকে থাকা 'একমাত্র শক্তিশালী মিত্র' আমেরিকার সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানো। মার্কিন প্রশাসনের এমন মনোভাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ইতিহাসে ইসরায়েলের "সবচেয়ে সেরা বন্ধু" এবং জেডি ভ্যান্সকেও তিনি যথেষ্ট সম্মান করেন; তবে ভ্যান্সের সব বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। আর এই কারণেই ভারতের অসামান্য সমর্থনের বিষয়টি জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন তিনি। আন্তর্জাতিক মহলে গাজা, ইরান ও লেবানন সংঘাত নিয়ে চরম সমালোচনা ও চাপের মুখে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, বাস্তব চিত্র ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ভারতীয় নাগরিকদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত বিপুল ও স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন। অনেক দেশে 'ইসরায়েল-বিরোধী উপাদান' প্রচার করা এক ধরণের ফ্যাশনে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। নেতানিয়াহুর দাবি, পর্দার আড়ালে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এখনও তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি সই করতে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর রণকৌশল শিখতে যোগাযোগ করে যাচ্ছেন। সাক্ষাৎকারে আমেরিকা ও ইরানের চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয়েও কথা বলেন তিনি। নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহর হাত থেকে বাঁচতে দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার অনুরোধ করেছে এবং তাদের রক্ষা করতেই ইসরায়েলি বাহিনী সেখানে অবস্থান করছে। যদিও লেবাননের স্থানীয় প্রতিনিধিরা নেতানিয়াহুর এই দাবিকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে ইতিমধ্যেই নাকচ করে দিয়েছেন। তথ্য: ইত্তেফাক/
বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more