উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর আগামীকাল
Date: 2026-07-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২৬, ১:৩৫ পি.এম
উত্তরার মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর আগামীকাল
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই)। গত বছরের এই দিনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও স্মরণসভার আয়োজন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির উত্তরার দিয়াবাড়ির ক্যাম্পাসসহ মোট ১৬টি শাখায় একযোগে এই দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। দিয়াবাড়ি ক্যাম্পাসের অনুষ্ঠানে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান বলেন, "শিক্ষার্থীরা তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করতে এখানে সমবেত হয়েছে। আমরা নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো আহত অবস্থায় রয়েছেন, তাদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।"
উল্লেখ্য যে, গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। এছাড়া দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন। আহতদের অনেকেই দীর্ঘ এক বছর পরও স্বাভাবিক জীবনে ফিরে আসতে হিমশিম খাচ্ছেন।
স্মরণসভায় সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সূর্য সময় বিশ্বাস বলেন, "দুর্ঘটনার সময় আমরা একটি কক্ষে আটকা পড়েছিলাম। চারদিকে আগুন, ধোঁয়া আর বন্ধুদের আর্তনাদ—সে এক ভয়াবহ পরিস্থিতি ছিল। শিক্ষকরা লোহার গ্রিল ভেঙে আমাদের উদ্ধারের চেষ্টা করেছিলেন।" সহপাঠীদের হারানোর বেদনা সে কখনোই ভুলতে পারবে না বলে জানায়।
নিহতদের স্মরণে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার দুর্ঘটনাস্থল সবার জন্য উন্মুক্ত রাখা হবে। সেখানে স্কাউট ও রোভার সদস্যরা গার্ড অব অনার প্রদান করবেন। এছাড়া নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা পালন, দোয়া মাহফিল ও স্মৃতিকথা প্রদর্শনের মাধ্যমে দিনটি পালন করা হবে। আয়োজনে অভিভাবকেরাও অংশ নেবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more