প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৫৮ পি.এম
তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু
অ-অ+
অনলাইন ডেস্ক:
উত্তরাঞ্চলের বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহাপরিকল্পনার মূল কাজ শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা নিরূপণে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে প্রায় ২৩ কোটি টাকার একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পাঠানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সরকারের এ অগ্রগতির তথ্য জানানো হয়।
সংগৃহীত তথ্য অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সমীক্ষা প্রস্তাবটি অনুমোদিত হলে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিশ্বমানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। মেগা প্রকল্পটি স্বচ্ছ ও টেকসইভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য উত্তরাঞ্চলের স্থায়ী বন্যা ও নদীভাঙন সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করার পাশাপাশি পুরো উত্তর-পশ্চিমাঞ্চলকে দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তর করা।
প্রস্তাবিত এই মহাপরিকল্পনার আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১১০ কিলোমিটার নদীতীর রক্ষা, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও সংস্কার, এবং ১১০ কিলোমিটার নদী ড্রেজিং করে নাব্যতার সঙ্গে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা। এছাড়া ২২৪ কিলোমিটার শক্তিশালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের ওপর পাকা সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। নদীশাসনের মাধ্যমে উদ্ধার হওয়া প্রায় ১৭০ বর্গকিলোমিটার নতুন জমি কৃষি ও শিল্পের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more