প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৪, ২০২৬, ১:১৭ পি.এম
এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক দখলের আদ্যোপান্ত
অ-অ+
নিজস্ব প্রতিবেদক:
২০১৭ সালের ৫ই জানুয়ারি রাজধানীর পরিবাগের বাসায় অবস্থান করছিলেন ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। ভোরের দিকে হঠাৎ করেই দরজায় কলিং বেলের আওয়াজ। দরজা খুলতেই ঘরে ঢোকেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। তারা জানান, এখনই যেতে হবে আব্দুল মান্নানকে; তবে তিনি একা নন, একইভাবে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকেও। এরপর তাদেরকে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত ডিজিএফআই-এর সদর দপ্তরে। সেখানে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় তাদের। এরপর সেদিনই ব্যাংকটি দখল করে নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। হাসিনা সরকারের উপর মহলের রাজনৈতিক সিদ্ধান্তে সংঘটিত হয় দেশের ব্যাংকিং সেক্টরের ইতিহাসের সবচাইতে বড় ন্যাক্কারজনক এই ঘটনা।
১০ বছর আগেও আমদানি-রপ্তানি ও প্রবাসী আয় দেশে আনার সেবা দিয়ে গ্রাহক আস্থার শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। আমানত আর ঋণ বিতরণে এখনো ব্যাংকটি সবার থেকে এগিয়ে। ২০১৭ সালে ব্যাংকের অন্যতম শীর্ষ গ্রাহক ছিল এস আলম গ্রুপ, যাদের ঋণ ছিল প্রায় ৩ হাজার কোটি টাকা। এজন্য ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও এমডিসহ সিনিয়র কর্তাদের সঙ্গে গ্রুপটির ভালো যোগাযোগ ছিল। কিন্তু সেই এস আলম গ্রুপই একদিনের মধ্যে জোরপূর্বক ব্যাংকটি দখল করে নেয়। এতদিনকার সুপরিচিত গ্রাহক রাতারাতি বনে যান ব্যাংকের মালিক। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই ইসলামী ব্যাংকের পরিচালনা ও মালিকানা পরিবর্তন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। তবে অর্থনৈতিক ঝুঁকি বিবেচনায় শুরুতে এ নিয়ে খুব একটা তোড়জোড় হয়নি। ব্যাংকটির সাথে জামায়াতে ইসলামী সংশ্লিষ্টতা থাকার অজুহাতে নিজেদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ক্ষমতাসীন দলের সেসময়ের কতিপয় প্রভাবশালী ব্যক্তি ব্যাংকটি দখল করে নেওয়ার পাঁয়তারা শুরু করে। এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকের নামে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তোলে তারা। এই দাবির পক্ষে ইউএস সিনেটের পার্মানেন্ট সাবকমিটি অন ইনভেস্টিগেশনসের একটি রিপোর্টের বরাত দেওয়া হয়। জঙ্গিবাদে অর্থায়নে লন্ডনের এইচএসবিসি ব্যাংকের সংশ্লিষ্টতার ওপরে করা ওই অনুসন্ধান রিপোর্টে ইসলামী ব্যাংকের নামও উঠে এসেছিল। ইউএস সিনেটের এই রিপোর্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তাঁর এক বক্তব্যে দাবি করে বসেন, ইসলামী ব্যাংকের ৮ শতাংশ অর্থায়নই সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট। তেমন কোনো প্রমাণাদি ছাড়াই সরকারের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিমহল বা পদস্থ কর্মকর্তার এমন লাগামহীন বক্তব্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকিং সেক্টর, ব্যবসা-বাণিজ্য ও রেমিট্যান্স খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এর আগের বছরই ব্যাংকটিতে মোট ডিপোজিট ছিল ৪১ হাজার ৭শ ৮৪ কোটি টাকা, যা দেশের ব্যাংকিং সেক্টরের মোট জিডিপির সাড়ে ৭ শতাংশেরও বেশি। সে বছর ব্যাংকটিতে ৩০ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স এসেছিল, যা দেশের মোট রেমিট্যান্সের প্রায় সাড়ে ২৭ শতাংশের বেশি। তাছাড়া বাংলাদেশের আমদানির শতকরা ১০ ভাগ এবং রপ্তানির প্রায় সাড়ে ১০ শতাংশেরও বেশি লেনদেনের সঙ্গে জড়িত ছিল ব্যাংকটি। ক্ষমতাসীন দলের একজন প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান প্রধান বিদেশি ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি সভা করেন। যেখানে তিনি প্রধানমন্ত্রীর কথায় কান না দিয়ে সবাইকে ইসলামী ব্যাংকের সঙ্গে তাদের ব্যবসা চালু রাখার অনুরোধ জানান। সে সময় ইসলামী ব্যাংকের সিইও ছিলেন আব্দুল মান্নান। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক লোকসানের আশঙ্কায় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর বাসভবনে যান তাঁর সঙ্গে দেখা করতে। প্রতিমন্ত্রীকে তিনি জিজ্ঞাসাও করেন, "স্যার, আপনি এটা কীভাবে বলতে পারলেন? আপনার মন্তব্য সার্বিকভাবে আমাদের ব্যবসা, বিশেষ করে ইন্টারন্যাশনাল অপারেশনের জন্য মারাত্মক।" এ কথায় টুকুর নির্বিকার উত্তর ছিল—"মুখ ফসকে বেরিয়ে গেছে।"
মূল কাহিনীতে ফেরা যাক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেই মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কথার প্রেক্ষিতে ব্যাংকটিতে স্বাধীন পরিচালক নিয়োগের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসায় সে বছর এ নিয়ে মাথা ঘামায়নি সরকার। ২০১৪ সালের প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার পর নতুন করে শুরু হয় ইসলামী ব্যাংক দখল করার প্রচেষ্টা। শুরুতে বেক্সিমকো গ্রুপের নাম প্রস্তাব করা হলেও পরে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এ কাজের দায়িত্ব দেওয়া হয় এস আলম গ্রুপকে। ২০১৬ সালের মে মাসের প্রথম সপ্তাহে ইসলামী ব্যাংকের স্বাধীন চার পরিচালক নিয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। এই পরিচালকদের একজন ক্ষমতাসীন দলের যোগসাজশে ব্যাংকের অডিট প্রতিবেদনগুলো নিয়ে দফায় দফায় আপত্তি তুলতে থাকেন। তার মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় ব্যাংকের দখলের ভিত্তি। এরপর নিমিষেই ঘটতে থাকে নানা পরিবর্তন। কেবলমাত্র কাগজে-কলমে অস্তিত্ব আছে এমন নতুন নিবন্ধিত কিছু কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কেনা শুরু করে এস আলম গ্রুপ। এর ফলে ব্যাংকের ভেতরে তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়।
এস-আলম-সংশ্লিষ্ট সাতটি কোম্পানি ব্যাংকে শেয়ার কিনে ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষমতা পায়। ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা বোর্ডে তাদের নিয়ন্ত্রণ হয় সুসংহত। অথচ এই সাতটি কোম্পানি নিবন্ধনের বয়স তখনো এক বছরও হয়নি। সে সময় ব্যাংকের সিনিয়র নির্বাহী পদে থাকা এক কর্মকর্তা বলেন, "জীবনে যেসব কোম্পানির নামই শুনিনি, তারা প্রত্যেকেই শত কোটি টাকার শেয়ার কিনছে। অথচ এরা কারা, তারা কিসের ব্যবসা করে, কোথা থেকে এলো কাড়ি কাড়ি টাকা—তা জানতে কোনো নিয়ন্ত্রক সংস্থা তদন্ত করার কথাও ভাবেনি।" ব্যাংকটির সামনে আরও প্রতিকূল সময় আসছে এমনটা অনুধাবন করে ইসলামী ব্যাংকের স্পন্সরদের অনেকেই তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেন। সেসব শেয়ারও কিনে নেয় এস আলম গ্রুপ। এভাবে ব্যাংকের প্রায় ৫ ভাগের ১ ভাগ শেয়ার চলে আসে এই ব্যবসায়ী গোষ্ঠীর হাতে। দিনকে দিন তারা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠতে থাকে। এর পরেই ঘটে সেই নজিরবিহীন ঘটনা।
২০১৭ সালের ৫ই জানুয়ারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তাঁদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে জোরপূর্বক পূর্বে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "আমাকে ডিজিএফআই প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসেনের কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি প্রথমে আমার প্রশংসা করেন, অর্থনীতি সম্পর্কে আমার পরামর্শ চান এবং তারপরেই আমাকে পদত্যাগ করতে বলেন।" তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে ডিজিএফআই-এর প্রধান বলেছিলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ চায় আব্দুল মান্নান যেন ব্যাংক ছেড়ে চলে যান। ২০১০ সাল থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা আব্দুল মান্নান দাবি করেন, জিম্মি করে অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তাঁকে। এমনকি যে প্যাডে তাঁকে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়, সেই প্যাড ইসলামী ব্যাংকেরও ছিল না। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করতে সেদিন গভীর রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনেক শীর্ষ কর্মকর্তা তাঁদের অফিসে অবস্থান করছিলেন। আর এর সবটাই হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবিরের নজরদারিতে।
এর কয়েক ঘণ্টা পরেই গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন রেডিসন ব্লু হোটেলে বসে এক সভা করে ব্যাংকের বোর্ড। পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত কারা হবেন, তা নির্ধারণ করা হয় ওই সভায়। এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করেন কেন্দ্রীয় ব্যাংকের একদল সিনিয়র কর্মকর্তা। এদের একজন ছিলেন তৎকালীন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। তাঁর বিরুদ্ধে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে চারটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার ২০০ কোটি টাকা পাচারে সহযোগিতা করার অভিযোগও আছে। মজার বিষয় কী জানেন? রিলায়েন্স ফাইন্যান্সের সম্পূর্ণ মালিকানাও এস আলম গ্রুপের! এনআরবি গ্লোবাল ব্যাংকেও আছে তাদের জোর প্রভাব। এস আলম গ্রুপের দৌরাত্ম্য ক্রমান্বয়ে বাড়তে থাকায় অনেক শেয়ারহোল্ডারই তাদের শেয়ার বিক্রি করে দিতে থাকেন। যথারীতি তা কিনে নিতে থাকে গ্রুপটি।
২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পাঠানো এক চিঠিতে উদ্বেগ জানিয়ে ব্যাংকের অন্যতম পৃষ্ঠপোষক ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)-এর প্রেসিডেন্ট বন্দর এম. এইচ. হাজ্জার লিখেছিলেন, আইডিবিসহ সৌদি আরব ও কুয়েতের উদ্যোক্তাদের ৫২ শতাংশ শেয়ার থাকার পরও ব্যাংকটিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোণঠাসা হয়ে পড়ছে। শেষমেশ আইডিবি তাদের সাড়ে ৭ শতাংশ শেয়ারের দুই-তৃতীয়াংশ বিক্রি করে দেয়। এভাবে দখল করতে করতে শেষমেশ ব্যাংকটির প্রায় ৮২ শতাংশ শেয়ার চলে যায় এস আলম গ্রুপের দখলে। অথচ ব্যাংক-কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী সর্বোচ্চ ১০ শতাংশ মালিকানা নিতে পারেন। বুঝুন তাহলে অবস্থা! নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করে নিজস্ব লোক নিয়োগ করতে থাকে। গ্রুপের মালিক সাইফুল আলম তাঁর জন্মস্থান চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে ব্যাপক হারে লোক নিতে শুরু করেন। বিগত ৭ বছরে ব্যাংকটির বিভিন্ন শাখায় ১০ হাজার কর্মী নিয়োগ দিয়েছেন তিনি। এসব নিজস্ব লোকজনের সহায়তায় ব্যাংকটি থেকে নামে-বেনামে ও স্বার্থসংশ্লিষ্টদের নামে অন্তত ৭৫ হাজার কোটি টাকা ঋণ নেয় এস আলম গ্রুপ। যার মধ্যে শুধু ব্যাংকটির খাতুনগঞ্জ শাখা থেকেই নেওয়া হয় ২৩ হাজার ২৯৫ কোটি টাকা।
অবস্থা এমন যে, ব্যাংকটির অফশোর ইউনিটের মোট ১৭০ কোটি ৪৮ লাখ ডলার ঋণের মধ্যে কেবল এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকেই দেওয়া হয় ১৫০ কোটি ডলার। এভাবেই বছরের পর বছর ধরে দেশের সবচাইতে সফল ব্যাংকটিকে নিজেদের ব্যক্তিগত মানিব্যাগ হিসেবে ব্যবহার করে আসছে এস আলম গ্রুপ। তবে হাসিনা সরকারের পতনের পর অনেক রাঘববোয়ালের মতো তাদের লুটপাটের দিনও ফুরিয়ে এসেছে। গত ২০ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক থেকে এস আলম গ্রুপের সব ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের শেয়ার থাকবে সরকারের জিম্মায়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more