প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২০, ২০২৬, ৩:৫৪ এ.এম
রাজধানীতে চারটি ককটেলসহ ছাত্রলীগ কর্মী আটক
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকার একাধিক স্থানে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন রাতে শ্যামলী মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে চারটি ককটেলসহ মো. রাসেল (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক যুবক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাঁর বাসা মোহাম্মদপুর এলাকায়।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, রাত পৌনে ৯টার দিকে শ্যামলী মোড়ে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালানোর সময় দুটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে আসেন। পুলিশ তাঁদের থামানোর চেষ্টা করলে দুজন দৌড়ে পালিয়ে যান এবং রাসেলকে আটক করা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
এডিসি জুয়েল রানা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছেন যে কোনো স্থাপনায় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে তাঁরা ককটেলগুলো নিয়ে বের হয়েছিলেন, তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়েন। এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রায় একই সময়ে রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়সংলগ্ন বছিলা সড়কে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এসব বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা এক দুর্বৃত্ত মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মাঝামাঝি সড়কে জর্দার কৌটায় রাখা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটা উদ্ধার করা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া রাত ১০টার পর মিরপুর ২ নম্বরের সি ব্লকের ২ নম্বর সড়কেও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এডিসি জুয়েল রানা বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং নাশকতায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more