নাশকতা মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক কৌশলে জোর দিচ্ছে সরকার
নভেম্বর ২০, ২০২৬, ৩:৪৫ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২০, ২০২৬, ৩:৪৫ এ.এম
নাশকতা মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক কৌশলে জোর দিচ্ছে সরকার
অ-অ+
অনলাইন ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা নিয়ন্ত্রণে কেবল প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক কৌশলও গ্রহণ করেছে সরকার। সাম্প্রতিক সহিংস তৎপরতার বিরুদ্ধে রাজপথে রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মতো কর্মসূচি পালন করছেন।
সহিংসতা ও নাশকতা মোকাবিলায় গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে আলোচনা হয়েছে। ঐক্যের আহ্বানে বিরোধী দলগুলো ইতিবাচক সাড়া দিলেও স্ব স্ব রাজনৈতিক অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।
সরকার ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, চলমান সহিংসতাকে একটি কৌশলগত উসকানি হিসেবে দেখছে প্রশাসন। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের ভেতরে এমন মূল্যায়ন রয়েছে যে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনা চাইছেন নাশকতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি করে বর্তমান বিএনপি সরকারকেও একই ধরনের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই প্রেক্ষাপটে সরকার কোনো উসকানিতে পা দিতে নারাজ। বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এখন পর্যন্ত বলপ্রয়োগ কিংবা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে বলে সরকারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে; পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
এদিকে গোপালগঞ্জে সহিংসতার ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয় এবং গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। ওই সময়ে পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, আর নাটোরে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন।
সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল নয়, বরং 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে আখ্যায়িত করে তা মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করার আহ্বান জানান। পরদিন বৃহস্পতিবার লালমনিরহাটের এক জনসভাতেও প্রধানমন্ত্রী একই ধরনের কঠোর অবস্থান তুলে ধরে সন্ত্রাসী ও অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে স্পষ্ট জবাব দেওয়ার কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক নাশকতার পেছনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পাশাপাশি একটি রাজনৈতিক উদ্দেশ্যও কাজ করছে। সরকারের ধারণা, বলপ্রয়োগ ও হতাহতের ঘটনা ঘটলে তা ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ খুঁজছে আওয়ামী লীগ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more