প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ১২:০১ পি.এম
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জয়জয়কার ছাত্রীদের
অ-অ+
অনলাইন ডেস্ক:
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল। এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। বিশেষ দিক হলো, বৃত্তি প্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট বৃত্তিধারীদের ৫৪ দশমিক ৭১ শতাংশ ছাত্রী এবং ৪৫ দশমিক ২৯ শতাংশ ছাত্র।
রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফলের পরিসংখ্যান: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছেন ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৪৬ হাজার ২৮১ শিক্ষার্থী। ৭৮ হাজার ৮১০টি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। জেলাভিত্তিক ফলাফলের বিষয়ে মন্ত্রী জানান, এবার সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে ঢাকা জেলা থেকে (৪৬৮২ জন) এবং সবচেয়ে কম বৃত্তি পেয়েছে বান্দরবান জেলা (১৮৮ জন)। এছাড়া উপস্থিতির হারে ঠাকুরগাঁও এগিয়ে থাকলেও অকৃতকার্য হওয়ার হার সবচেয়ে বেশি ছিল দিনাজপুর জেলায়।
ফলাফল প্রকাশের জটিলতা ও শাস্তিমূলক ব্যবস্থা:
অফিসিয়াল ফল প্রকাশের আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ইন্টারনেটে ফাঁস হওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বরত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য সুখবর: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আনন্দের বার্তা হলো, বর্তমান বৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, মেধাবৃত্তি প্রাপ্তদের এককালীন ২২৫ টাকার স্থলে ৪৫০ টাকা এবং মাসিক ৩০০ টাকার স্থলে ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সাধারণ বৃত্তির ক্ষেত্রেও মাসিক ও এককালীন অর্থের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে, যা এ বছরের শেষ ভাগে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, করোনা মহামারি ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এ বছরের এপ্রিলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more