নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন
Date: 2026-09-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১:৪৫ এ.এম
নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন
অ-অ+
অনলাইন ডেস্ক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার দুর্নীতি নিয়ে খবর প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ মামলা নথিভুক্ত না করার প্রতিবাদে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন। বুধবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিক নেতারা অংশ নিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার বিবরণে জানা যায়, সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসায় এতিমদের সরকারি বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগে স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মোহাম্মদ হানিফ। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর আলোচনার কথা বলে সাংবাদিক মোহাম্মদ হানিফ ও মনিরুজ্জামানকে ডেকে নেন এতিমখানার মুহতামিম শফিকুর রহমান ও তার সহযোগীরা। সেখানে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলেও পুলিশ উল্টো সময়ক্ষেপণ করছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির পাল্টা অভিযোগ তোলা হয়েছে বলে প্রতিবাদ কর্মসূচিতে অভিযোগ করা হয়।
তবে অভিযুক্ত এতিমখানা কর্তৃপক্ষের দাবি, দুর্নীতির খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি বরাদ্দের টাকা সঠিক নিয়মেই ব্যয় করা হয় এবং আত্মসাতের কোনো সুযোগ নেই। রেস্তোরাঁয় কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটলেও সাংবাদিকরা পরবর্তীতে রেস্তোরাঁয় হামলা চালিয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলা দায়েরের জন্য বাদীকে এফআইআরে স্বাক্ষর করতে থানায় আহ্বান জানানো হয়েছে এবং তিনি এলে মামলা রেকর্ড করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more