প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ৫:৩১ এ.এম
নীলা হত্যা: ৬ বছরেও মেলেনি বিচার
অ-অ+
অনলাইন ডেস্ক:
সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচারকাজ। মামলাটি বর্তমানে ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ১৮ জন সাক্ষীর মধ্যে মাত্র ৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। পুলিশি জটিলতাসহ নানা কারণে সাক্ষীদের উপস্থিত করা কঠিন হয়ে পড়ায় বিচার প্রক্রিয়ায় বিলম্ব ঘটছে বলে জানা গেছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঘটনা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে সাভারে ভাইয়ের সঙ্গে ফেরার পথে অবরুদ্ধ করা হয় দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায়কে। এরপর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে প্রেমের প্রস্তাব ও বিয়ের দাবি প্রত্যাখ্যান করায় মূল আসামি মিজানুর রহমান তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ২০২১ সালে মিজানুর রহমান, সাকিব ও সেলিম পাহলান নামের তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
দীর্ঘদিন অতিবাহিত হলেও বিচার না পাওয়ায় গভীর আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন নীলার বাবা নারায়ণ রায়। সন্তান হারানোর বেদনায় সাভার ছেড়ে উত্তরায় বসবাসরত নারায়ণ রায় জানান, আসামিরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাচ্ছে না। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের বদলি ও পারিপার্শ্বিক জটিলতার কারণে সাক্ষীদের আদালতে হাজির করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষ দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার শেষ করে ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার এনে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more