প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৩, ২০২৬, ৬:১৮ এ.এম
জুয়া পেমেন্ট গেটওয়ের অভিযোগে দুইজন রিমান্ডে
অ-অ+
অনলাইন ডেস্ক :
নতুন জুয়া প্রতিরোধ আইনের আওতায় অনলাইন জুয়ার সাইটগুলোর পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম গতকাল রোববার শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেন (২৮)। তাদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
রমনা থানায় ১২ জুলাই দায়ের করা মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক আমির হামজা বাদী হয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই জাকির হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানির পর আদালত আমিনুর ইসলামের তিন দিনের এবং সাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ১১ জুলাই রাজধানীর দোলাইরপাড় এলাকা থেকে আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে পরে গুলশান থেকে সাকিব হোসেনকে আটক করা হয়। ডিবি সূত্র জানায়, আসামিরা অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের আর্থিক লেনদেন পরিচালনায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তদন্ত চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more