প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ১২:১৮ পি.এম
জলাবদ্ধতায় নিউমার্কেট এলাকার দোকানপাট বন্ধ
অ-অ+
অনলাইন ডেস্ক:
টানা বৃষ্টির কারণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র নিউমার্কেটের সকল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত রাতের অবিরাম বর্ষণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ব্যবসায়ীরা দোকান খোলার ঝুঁকি নেননি।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে মার্কেট এলাকায় বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করেছে ডিপিডিসি। আজ রোববার সকাল থেকে মার্কেটের পরিস্থিতি এমন যে, কোনো ক্রেতাকেও সেখানে আসতে দেখা যায়নি। ব্যবসায়ীরা মূলত জানমালের নিরাপত্তার কথা ভেবেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
ফিরোজ উল ইসলাম আরও জানান, বর্তমান পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত দোকানপাট খোলা সম্ভব নয়। আগামীকাল সোমবার আবহাওয়া ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কেট খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, কেবল নিউমার্কেট নয়, বৃষ্টি ও জলাবদ্ধতায় পুরো রাজধানীতেই জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর টাউন হল ও কৃষি মার্কেটসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই নগণ্য। পরিস্থিতি বিবেচনায় পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজধানীবাসীকে আজ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more