জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
Date: 2026-09-22
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:২৪ এ.এম
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়, সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের বাইরে ও হোটেলের প্রবেশমুখে জাতীয় পতাকা ও প্রতিকৃতি হাতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। অন্যদিকে, একই সময়ে সড়কের অপর পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময় সোমবার ভোরে ঢাকা ত্যাগ করে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফরের প্রথম দিন, ২২ সেপ্টেম্বর সকালে তিনি জাতিসংঘ মহাসচিব আয়োজিত প্রাতরাশ সভা ও সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন। পরদিন ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক, বৈশ্বিক বৈষম্য ও জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ আয়োজিত একটি বিশেষ সাইড ইভেন্টে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা আহ্বান জানাবেন তিনি।
আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদে ধারাবাহিকতা বজায় রেখে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বহুমাত্রিক বিষয় তুলে ধরবেন। একই দিনে তিনি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি বিষয়ক একটি বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখবেন। সফরকালে কুয়েত, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির শীর্ষ নেতাদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা ও ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more