জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Date: 2026-09-24
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১:৩১ এ.এম
জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
অ-অ+
অনলাইন ডেস্ক:
জাতিসংঘে রোহিঙ্গা সংকট বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরত পাঠাতে ৫টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশ মানবিকতার খাতিরে দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে নিজের দায়িত্ব পালন করেছে। তবে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের অবস্থান থেকে জোরালো পদক্ষেপ নিতে হবে।
বৈঠকে উপস্থাপিত প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অংশীজনদের একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ, নিজ ভূমিতে তাদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং কক্সবাজারের ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার কথা বিবেচনা করে পর্যাপ্ত ও ধারাবাহিক মানবিক সহায়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতসহ বিভিন্ন বিচারিক সংস্থাকে সহায়তা দিয়ে মিয়ানমারে সংঘটিত অপরাধের জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন অপরাধ যেমন—মাদক ও মানবপাচার এবং অবৈধ অস্ত্রের লেনদেন বন্ধে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের ব্যর্থতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানবিক সহায়তা অব্যাহত রাখা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর চরম চাপ সৃষ্টি করছে এবং এতে পুরো অঞ্চলের নিরাপত্তাই এখন হুমকির মুখে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও মিয়ানমারকেই করতে হবে। বিশ্ব সম্প্রদায়কে কেবল সহমর্মিতায় সীমাবদ্ধ না থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more