গণমাধ্যমে এআই প্রযুক্তি যুক্ত করতে গুগলের ‘নিউজ এআই ল্যাব’ চালু
Date: 2026-08-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১৪, ২০২৬, ৫:৩১ এ.এম
গণমাধ্যমে এআই প্রযুক্তি যুক্ত করতে গুগলের ‘নিউজ এআই ল্যাব’ চালু
অ-অ+
অনলাইন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের সংবাদমাধ্যমগুলোকে আধুনিকায়ন ও নতুন রূপ দেয়ার লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র প্রথম আলো। গণমাধ্যমগুলোর কাজের গতি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিউজরুমের প্রযুক্তিগত রূপান্তরকে সহজ ও অর্থবহ করতে চালু হতে যাচ্ছে দেড় বছরব্যাপী বিশেষ কর্মসূচি ‘নিউজ এআই ল্যাব’। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই কর্মসূচির জন্য সম্প্রতি দেশের সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
বিশ্বজুড়ে সংবাদ সংগ্রহ, তথ্য গবেষণা, অনুবাদ, কনটেন্ট তৈরি ও পাঠকচাহিদা বিশ্লেষণে এআই দিন দিন অপরিহার্য হয়ে উঠলেও নিউজরুমের সুনির্দিষ্ট চ্যালেঞ্জ চিহ্নিত করে সঠিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো এখনও বেশ চ্যালেঞ্জিং। এই ঘাটতি পূরণে বাস্তবমুখী সমাধান দিতেই প্রস্তুত করা হয়েছে ‘নিউজ এআই ল্যাব’ কর্মপরিকল্পনা। পুরো কর্মসূচিটি মূলত তিনটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে নিবন্ধিত সংবাদমাধ্যমের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট ছয় সপ্তাহের একটি অনলাইন প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রতি সপ্তাহে দুই ঘণ্টাব্যাপী এই অনলাইন ক্লাসে এআই-এর মৌলিক ধারণা, সম্ভাবনা ও গণমাধ্যমে এর প্রাতিষ্ঠানিক প্রয়োগ শেখানো হবে।
অনলাইন প্রশিক্ষণ শেষে দ্বিতীয় ধাপে ১৬ নভেম্বর থেকে আয়োজিত হবে দুই দিনব্যাপী সরাসরি বা অফলাইন প্রশিক্ষণ ও কর্মশালা। এই কর্মশালায় গণমাধ্যমগুলোর দৈনন্দিন কাজের এআই-সংক্রান্ত সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা হবে এবং গুগলের প্রযুক্তি ব্যবহার করে বাস্তবসম্মত ও পরীক্ষামূলক একটি সমাধান কাঠামো তৈরি করা হবে। চূড়ান্ত বা তৃতীয় ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত গণমাধ্যমসমূহ যেসব কেস স্টাডি বা সমস্যা সমাধান উপস্থাপন করবে, সেগুলো দীর্ঘমেয়াদে নিউজরুমে রূপান্তরের জন্য গুগলের বিশেষজ্ঞ দলের সহায়তায় আগামী ১৫ মাস ধরে বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
বাংলাদেশে নিবন্ধিত জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও মাল্টিমিডিয়া নিউজ স্টার্টআপসমূহ—যাদের নিজস্ব সক্রিয় ওয়েবসাইট রয়েছে, তারা এই কর্মসূচিতে অংশ নিতে পারবে। প্রতিটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান থেকে নিউজরুম বা সম্পাদকীয় বিভাগ এবং ব্যবসায়িক বিভাগ মিলিয়ে সর্বোচ্চ দুইজনকে মনোনীত করার সুযোগ থাকবে। কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহী সংবাদমাধ্যমগুলোকে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more