ডেঙ্গুতে প্রাণ গেল শূন্য থেকে সফল উদ্যোক্তা মহিনের
Date: 2026-08-30
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ৩০, ২০২৬, ৫:১২ এ.এম
ডেঙ্গুতে প্রাণ গেল শূন্য থেকে সফল উদ্যোক্তা মহিনের
অ-অ+
অনলাইন ডেস্ক:
জীবনযুদ্ধে দারিদ্র্য জয় করে স্বাবলম্বী হওয়ার এক অনুপ্রেরণাদায়ক গল্পের করুণ সমাপ্তি ঘটল মশাবাহিত রোগ ডেঙ্গুতে। চট্টগ্রামে শূন্য হাতে এসে কর্মচারীর কাজ থেকে শুরু করে নিজের মেধা ও পরিশ্রমে সাতটি পোশাকের দোকানের মালিক হওয়া তরুণ উদ্যোক্তা মহিন উদ্দিন (৩২) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন। গত বুধবার বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ বছরের এক ছেলে এবং ৪ ও ২ বছরের দুই কন্যা সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাইবোনের মধ্যে সবার ছোট মহিন পরিবারের অসচ্ছলতা ঘোরাতে ২০০৮ সালে চট্টগ্রাম নগরীতে আসেন। শুরুতে বিভিন্ন সংস্থায় কাজের পর চকবাজার এলাকার একটি শপিং মলের কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে যোগ দেন। সেখানে পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয় সহকর্মী রাজিয়া সুলতানের সঙ্গে। বিয়ের পর নিজের ভাগ্য বদলের লড়াইয়ে নামেন মহিন। ২০২০ সালে ওই শপিং মলটিতেই ‘স্মার্ট লেডি’ নামে নারীদের পোশাকের নিজস্ব প্রথম শোরুম চালু করেন। সততা ও কঠোর পরিশ্রমে ভর করে গত ছয় বছরের ব্যবধানে তিনি একে একে আরও ছটিসহ মোট সাতটি কাপড়ের দোকানের মালিক হয়ে ওঠেন।
সংগ্রামের দিনগুলো পেছনে ফেলে পরিবারে যখন সবে মাত্র সচ্ছলতা ও সুখের মুখ দেখা শুরু হয়েছিল, ঠিক তখনই নেমে এলো কালো ছায়া। গত সোমবার হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর বুধবারে প্রাপ্ত প্রতিবেদনে তাঁর ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে এবং ঐ দিন বিকেলেই তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি সন্দ্বীপে তাঁর দাফন সম্পন্ন হয়।
মহিন উদ্দিনের এই আকস্মিক বিদায়ে সন্দ্বীপে তাঁর গ্রামের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকবিহ্বল মা, স্ত্রী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। অবুঝ শিশু সন্তানরা এখনও বাবার ফেরার অপেক্ষায় পথ চেয়ে আছে। স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মতে, মহিন উদ্দিন ছিলেন কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু একটি মাত্র মশার কামড় ও ডেঙ্গুর থাবায় অকালেই নিভে গেল সম্ভাবনাময় এক তরুণ উদ্যোক্তার তাজা প্রাণ।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more