চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু
Date: 2026-07-23
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৩, ২০২৬, ৫:৫৯ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুন: নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু
অ-অ+
অনলাইন ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির (TCB) একটি পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে নয়ন (১৮) নামের এক তরুণ ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির ওই গুদামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে হঠাৎ টিসিবির গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় অন্যদের সঙ্গে নয়নও এগিয়ে আসেন এবং শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিন্তু প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার মধ্যে তিনি আটকা পড়েন। অন্য লোকজন বেরিয়ে আসতে সক্ষম হলেও নয়ন ভেতরেই আটকা পড়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে তল্লাশি চালিয়ে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করেন।
নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আগুন নেভাতে গিয়ে নয়নের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more