বাউফলে ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪৮ এ.এম
বাউফলে ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
অ-অ+
নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):
পটুয়াখালীর বাউফলে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক পেজকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও ব্যবসায়ীদের নিয়ে পেজটিতে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ উঠেছে। সর্বশেষ দুই সাংবাদিককে ঘিরে পৃথক দুটি ফেসবুক পেজে পাল্টাপাল্টি পোস্ট প্রকাশের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাংবাদিক অহিদুজ্জামান ডিউক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ‘খবর আছে’ নামের ফেসবুক পেজে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চুকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। এতে তাঁর পারিবারিক জীবন নিয়ে ব্যক্তিগত কিছু অভিযোগ ও তথ্য তুলে ধরা হয়। তবে প্রকাশিত তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর কিছুক্ষণ পর ‘বাউফল টুডে (BT)’ নামের আরেকটি ফেসবুক পেজে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির উপজেলা প্রতিনিধি অহিদুজ্জামান ডিউকের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তাঁকে ‘খবর আছে’ পেজটির নেপথ্যের ব্যক্তি বা পরিচালনাকারী হিসেবে দাবি করা হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অহিদুজ্জামান ডিউক অভিযোগ করেন, ‘খবর আছে’ পেজ থেকে এর আগেও তাঁর বোন নার্গিস আক্তার জাহান এবং তাঁর নিজস্ব ভবন ‘ওয়াদুদ মিয়া প্যালেস’ নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করা হয়েছিল। অথচ এখন তাঁকেই ওই পেজের মূল ব্যক্তি হিসেবে প্রচার করা হচ্ছে। এসব পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং বিভিন্ন মহলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এ অবস্থায় অপপ্রচার ও মানহানির প্রতিকার চেয়ে তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন।
এদিকে কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘খবর আছে’ পেজের বিরুদ্ধে তিনি ইতিমধ্যে সাইবার আইনে মামলা করেছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য ও অভিযোগ মামলার এজাহারে উল্লেখ রয়েছে। নতুন করে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে তিনি আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করেন। পেজটি থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান বলেন, ‘খবর আছে’ পেজটির প্রকৃত পরিচালনাকারীদের পরিচয় প্রকাশ করা জরুরি। পেজটি থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ রয়েছে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বাউফল টুডে’ পেজ থেকে অহিদুজ্জামান ডিউককে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তার পক্ষে সংশ্লিষ্টদের কাছে প্রমাণ থাকলে তা প্রকাশ করা উচিত। একই সঙ্গে ডিউকের আইনি পদক্ষেপকে তিনি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের উদ্যোগ হিসেবে দেখছেন।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামি বা ভুয়া পরিচয়ে পেজ পরিচালনা করে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আক্রমণাত্মক তথ্য প্রচারের অভিযোগ উদ্বেগজন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more