বাউফলে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে ৩০০ শাড়ি বিতরণ
অক্টোবর ১৭, ২০২৬, ৮:৩৮ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৭, ২০২৬, ৮:৩৮ এ.এম
বাউফলে দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে ৩০০ শাড়ি বিতরণ
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর বাউফলে অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া এসব শাড়ি বিতরণ করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদসহ বিভিন্ন সময়ে ধর্মীয় পরিচয় নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষেও সরকারি বরাদ্দের সব শাড়ি নির্ধারিত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। বরাদ্দের সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা এদিক-সেদিক হওয়ার সুযোগ থাকবে না। সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, উপজেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ধর্মীয় উৎসবগুলো যেন সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আটজন করে আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে বাউফল উপজেলার ৬৫টি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বাউফল পৌরসভার পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিতাই চন্দ্রসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more