বাউফলে ভাইয়ের হামলায় দুই বোন আহত, থানায় অভিযোগ

Date: 2026-03-29
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে দুই বোনকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাদের আপন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিম হাওলাদারের মৃত্যুর পর তার দুই ছেলে সোহেল ও রাসেল এবং দুই মেয়ে শারমিন শিলা (৩২) ও আরমিন ইলা (৩০) পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ বিরোধ মীমাংসার জন্য শনিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক হওয়ার কথা ছিল।

PnMLMK5.jpeg
অভিযোগ রয়েছে, ছোট ভাই রাসেল শালিস বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখান। এ নিয়ে তার স্ত্রী এবং দুই বোনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল শারমিন শিলা ও আরমিন ইলাকে লাঠিসোটা দিয়ে মারধর করে গুরুতর আহত করে।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল।
এ বিষয়ে বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments