বাকেরগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও চার্জশিট ঘিরে বিতর্ক
Date: 2026-05-05
অ-অ+
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা: বরিশালের বাকেরগঞ্জে একটি
মামলা ও পুলিশি চার্জশিটকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। একটি বেসরকারি টেলিভিশনের ঢাকা
দক্ষিণের প্রতিনিধি ফয়সাল মাহমুদ দাবি করেছেন, হামলার শিকার হওয়া সত্ত্বেও তাকে উল্টো
আসামি করা হয়েছে। ফয়সাল মাহমুদের অভিযোগ,
দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহলের
সহায়তায় তার পৈত্রিক বাড়ি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করলে
তাকে বাধা দেওয়া হয় এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়। তিনি জানান, গত ২৪ সেপ্টেম্বর
নিজ বাড়িতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তার হাত ভেঙে যায় এবং
শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় তার স্ত্রীর মাথায় গুরুতর আঘাতের অভিযোগও
করেন তিনি। এ সময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয় বলেও দাবি করেন। ঘটনার পর তিনি থানায় মামলা
দায়ের করলে পুলিশ প্রতিপক্ষের দুজনকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্তি পান। এরই
মধ্যে প্রতিপক্ষের পক্ষ থেকে ফয়সাল মাহমুদ ও তার পরিবারের বিরুদ্ধে পাল্টা মামলা করা
হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ
আদালতে চার্জশিট দাখিল করে। এতে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ
আনা হয়। তবে ফয়সাল মাহমুদের দাবি, তার ও তার স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত প্রমাণ থাকা
সত্ত্বেও তদন্তে তা গুরুত্ব পায়নি। তিনি আরও অভিযোগ করেন, তদন্ত
কর্মকর্তা এসআই নাজমুল মোল্লা পক্ষপাতদুষ্টভাবে চার্জশিট দাখিল করেছেন। যদিও এ বিষয়ে
সংশ্লিষ্ট কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে
তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে
সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি। বর্তমানে বিষয়টি আদালতে
বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আদালতেই প্রমাণের ভিত্তিতে এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি
হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more