অনলাইন ডেস্ক:
সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে অবিরাম ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিশেষ সতর্কবার্তা অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। বর্তমানে দেশের ৭টি জেলা বন্যা কবলিত রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আরও ৮টি জেলা বন্যার উচ্চ ঝুঁকিতে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত ২০টি গ্রাম এবং পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ৪০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি। কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ইতিমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া খোয়াই ও মনু নদীর পানিও বিপৎসীমা পার করেছে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানিও দ্রুত বাড়ছে, যা যেকোনো মুহূর্তে বিপৎসীমা অতিক্রম করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্য: ইত্তেফাক/ বিডিফেস
মেহেদী হাসান