সংবিধানে গণভোটের প্রভিশন ব্যতীত কোনো নির্বাচন নেই: জামায়াত আমির
Date: 2026-07-14
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৪, ২০২৬, ৬:০৬ এ.এম
সংবিধানে গণভোটের প্রভিশন ব্যতীত কোনো নির্বাচন নেই: জামায়াত আমির
অ-অ+
অনলাইন ডেস্ক:
সংবিধানে গণভোটের কোনো প্রভিশন বা বিধান নেই—এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংবিধান সংশোধন সংক্রান্ত এক আলোচনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে যদি গণভোটের নিয়মকে বাদ দেওয়া হয়, তবে সেই একই সংবিধান অনুযায়ী ২০২৬ সালেও কোনো নির্বাচন হওয়ার কথা নয়। কারণ বর্তমান সংবিধানের ধারা ও হিসাব অনুসারে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আরও পরে, ২০২৯ সালে।
তিনি স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দেন যে, দেশের কোটি কোটি মানুষের রাজপথের আন্দোলন এবং ছাত্র-জনতার বিপ্লবের ফলেই পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। কোনো সংবিধানের ধারা মেনে সেই সরকারের বিদায় হয়নি। সেই বিতর্কিত সরকার বিদায় নেওয়ার পরে সম্পূর্ণ জনগণের অভিপ্রায় ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই দেশে একটি নতুন সরকার গঠন হয়েছিল। আর সেই সরকারের জারি করা আদেশের আলোকেই পরবর্তী সময়ে দেশে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনকার কিছু আচরণ দেখে মনে হচ্ছে যেন ‘গোশত হালাল আর ঝোল হারাম’। সরকারের জারি করা আদেশের মাধ্যমে যদি একটি প্রক্রিয়া বৈধ বা হালাল হতে পারে, তবে অন্য প্রক্রিয়াটি কীভাবে অবৈধ বা হারাম হয়ে যায়, সেই প্রশ্ন তোলেন তিনি।
সংসদে বিরোধী দলের ভূমিকা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের রায়, স্বার্থ ও মৌলিক অধিকার উপেক্ষিত হবে আর বিরোধী দল কেবল বসে বসে সংসদের ভেতরে সরকারকে অন্ধ সমর্থন দিয়ে যাবে, তেমন বিরোধী দল জামায়াতে ইসলামী নয়। সরকারের ভালো ও জনকল্যাণমুখী উদ্যোগ হলে অবশ্যই তাকে সমর্থন দেওয়া হবে, কিন্তু যেখানেই জনস্বার্থ বিঘ্নিত হবে বা জনগণের আকাঙ্ক্ষার অবমাননা করা হবে, সেখানেই জোরালোভাবে রুখে দাঁড়ানো হবে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সংসদে জামায়াতের পক্ষ থেকে যে ওয়াকআউট করা হয়েছে, তা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেরই একটি অংশ বলে তিনি উল্লেখ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more