ছাত্রলীগ যে সাহস করনি শিবির তা করেছে- ছাত্রদল সভাপতি রাকিব

Date: 2026-03-07
news-banner

অনলাইন ডেক্স:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেছেন রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, অতীতে যেটা কেউ করার সাহস করেনি, সেই কাজ প্রকাশ্যে করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল-এ আহত সাংবাদিকদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সুস্থ হওয়ার পর যদি আমার ছাত্রদলের কেউ অন্যায় করে, তাহলে সবার আগে তা সংবাদে তুলে ধরবেন। তবে এ ঘটনার বিচার আগামী রবিবারের মধ্যেই করা হবে।”
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও জবাব দাবি করেন কেন এমন হামলার ঘটনা ঘটল।
ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, হামলাটি ছিল পরিকল্পিত। তার দাবি, আগে থেকেই শিবিরের নেতাকর্মীরা সেখানে লাঠিসোঁটা ও স্টাম্প জড়ো করে রেখেছিল। হামলার সময় পুরো বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকাও সন্দেহের সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামছুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে রয়েছেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মিজান উদ্দিন মাসুদ, প্রথম আলোর প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক বর্তমানের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক তরুণকণ্ঠের প্রতিনিধি আবিধ হাসান বাঁধন, ব্রেকিং নিউজ ডটকমের প্রতিনিধি মো. ইয়াসিন সাইফ, বাংলাদেশ গার্ডিয়ানের হাবিবুর রহমানসহ বিভিন্ন দৈনিকের সংবাদকর্মীরা।
 
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments