রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন: ১৬ বাংলাদেশীর মৃত্য
Date: 2026-08-10
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: আগস্ট ১০, ২০২৬, ৪:৩৪ এ.এম
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন: ১৬ বাংলাদেশীর মৃত্য
অ-অ+
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগেরই বাড়ি নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলায়।
রোববার (৯ আগস্ট) স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে সোফা তৈরির ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সবার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে নিহতদের মধ্যে অন্তত ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায় বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। ঘটনার পরপরই রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। মরদেহগুলোর পরিচয় শনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাসের কর্মকর্তারা সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছেন।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সাথে নিহতদের পরিবারের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সকল প্রকার আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় সৌদি কর্তৃপক্ষ তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more