রেললাইন পার হতে গিয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

Date: 2026-02-24
news-banner

মুন্সিগঞ্জ সংবাদদাতা:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৪৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেউটখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ফায়ার সার্ভিস ও নিহতের সহকর্মীরা জানান, মঙ্গলবার সকালে জিয়াউর রহমান একটি সরকারি খাল-খনন কর্মসূচির সাইট পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে কেউটখালী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পাড় হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাফিস ইসলাম জানান, সকাল ৯টা ১৫ মিনিটে তাকে হাসপাতালে আনা হলেও তার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, "সকাল ৮টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠাই। দুর্ভাগ্যবশত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।"সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে উপজেলা কৃষি অফিসে শোকের ছায়া নেমে এসেছে। মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave Your Comments