প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিফলক ঘিরে বিতর্ক, শৌচাগার সরানোর সিদ্ধান্ত
Date: 2026-04-22
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার
একটি ঐতিহাসিক স্মৃতিফলক ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমানের স্মৃতিবিজড়িত ওই স্থাপনার পাশে শৌচাগার নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে
অসন্তোষ দেখা দেয়। বিষয়টি সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন উপজেলা
বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহমেদ লেনিন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালের ৬
ফেব্রুয়ারি মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৎকালীন রাষ্ট্রপতি
জিয়াউর রহমান হেলিকপ্টারে অবতরণ করে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সেই ঘটনার
স্মৃতিচিহ্ন হিসেবে স্থাপিত ফলকটি বর্তমানে অবহেলায় রয়েছে এবং পাশেই শৌচাগার নির্মাণের
কারণে এর মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা
নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান,
বর্তমান শৌচাগারটি অপসারণ করে অন্যত্র স্থানান্তর করা হবে এবং স্মৃতিফলক এলাকাকে সংরক্ষণ
ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ঐতিহাসিক স্থানটির
পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে এটি ভবিষ্যতে দর্শনার্থীদের জন্য
আকর্ষণীয় হয়ে ওঠে। একই সঙ্গে স্থানীয়দের সুবিধা বিবেচনায় নতুন শৌচাগার উপযুক্ত স্থানে
নির্মাণের আশ্বাস দেন তিনি। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের
এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more