প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৫, ২০২৬, ৫:৩০ এ.এম
নেতানিয়াহুর আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বললেন আইজেনকট
অ-অ+
অনলাইন ডেস্ক:
ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুর এই প্রস্তাবকে একপর্যায়ে 'ধাপ্পাবাজি' বলে আখ্যায়িত করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইজেনকট স্পষ্ট জানিয়ে দেন যে, ঐক্যের কথা বললেও নেতানিয়াহু আদতে রাজনৈতিক কৌশলের আশ্রয় নিচ্ছেন এবং পার্লামেন্ট বা নেসেটের রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তার মাধ্যমে দাবি করেছিলেন যে, আইজেনকটের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকটি জাতীয় ঐক্যের সরকার গড়ার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনকারী লিকুদ পার্টির এই নেতার মতে, ইরানের পারমাণবিক হুমকিকে চিরতরে নির্মূল করার একমাত্র পথ হলো একটি শক্তিশালী জাতীয় ঐক্যের সরকার। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকট এই আহ্বানকে পাত্তা না দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন যে, এই ধরনের কৌশল তাঁর বেলায় কার্যকর হবে না।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে সরকার গঠনের জন্য ৬১ আসনের প্রয়োজন হলেও আইজেনকটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন এবং নেতানিয়াহুর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করে। নির্বাচন-পরবর্তী জটিল সমীকরণে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছেন গাদি আইজেনকটকে, যা দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more